বাসস
  ২০ মে ২০২৬, ২২:০৮

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি 

ছবি : বাসস

সাতক্ষীরা, ২০ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ৪২ হাজার একশ’ টাকা।

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কালিয়ানী, কাঁকডাঙ্গা, হিজলদী, মাদরা, চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার নীলকুঠি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার দখলের মোড় নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশানঘাট  নামক স্থান হতে এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল হিজলদী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কাঁদপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ৪২ হাজার একশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।