শিরোনাম

নরসিংদী, ২০ মে, ২০২৬, (বাসস) : জেলার পলাশ উপজেলায় রামিম নামে ৯ বছরের এক শিশুকে হত্যা মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে জেলার আর্শিনগর রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ মিয়া গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ হত্যা মামলার পর থেকে পলাতক ছিলেন। গোপনে অন্যস্থানে পালিয়ে যাওয়ার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে রামিম নামে ৯ বছরের এক শিশুকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে হাওয়ার মেশিন দিয়ে তার পায়ুপথ ও মুখে বাতাস ঢুকায় অভিযুক্ত সবুজ, ফয়সাল (২৫), শিশির (২৮) ও বাবু (২৫) নামে চার যুবক।
পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্তরা।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তার সবুজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।