শিরোনাম

কুষ্টিয়া, ২০ মে, ২০২৬, (বাসস): এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন, উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৮) ও নুরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৯)। দুজনেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাইফ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল এবং সাকিবুল কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
আজ ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ করে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। এ সময় নদীতে ডুব দিলে তাইফ মাথা উঁচু করে উঠতে পারলেও সাকিব তলিয়ে যায়। এক পর্যায়ে তাইফও তলিয়ে যায়।
বিষয়টি স্থানীয়রা টের পেয়ে দু'জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বাসসকে বলেন, বিকেল সাড়ে ৪টার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বাসসকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।