বাসস
  ২০ মে ২০২৬, ২১:১০

খুলনায় গর্ভকালীন নারীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর

ছবি : বাসস

খুলনা, ২০ মে, ২০২৬ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গর্ভকালীন দরিদ্র মায়েরা নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করেন। সংকটকালীন সময়ে যে কোনো সহায়তা তাদের জন্য বড় অবলম্বন।

আজ বুধবার সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এফপিএবি’র নিজস্ব কার্যালয়ে নির্যাতিত গর্ভকালীন নারীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ‘হতদরিদ্র গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ’ প্রকল্পের আওতায় ফ্যামিলি প্লানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি)-খুলনা শাখার উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়।

সংস্থাটি দীর্ঘদিন থেকে এমন মহতী কাজ পরিচালনা করায় কেসিসি প্রশাসক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ কর্মসূচি আরও সম্প্রসারণের আহ্বান জানান।

এফপিএবি-খুলনার কার্যনির্বাহী পরিষদের সভাপতি এ্যাড. অচিন্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, সংস্থার মেডিকেল অফিসার ডা. তারানা তাবাচ্ছুম, জেলা কর্মকর্তা সীমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।