বাসস
  ২০ মে ২০২৬, ২০:৩৫

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার 

ছবি : বাসস

চট্টগ্রাম, ২০ মে ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র‌্যাব-৭। এসময় বিভিন্ন মোবাইল অপারেটরের ২৫১টি সিমকার্ড, আটটি সিমবক্সসহ নানান যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

বুধবার (২০ মে) র‌্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিওআইপি সরঞ্জাম উদ্ধারের বিষয়টি জানানো হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হালিশহর আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পরে মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে র‌্যাব-৭-এর একটি দল বিটিআরসি ও এনটিএমসির কারিগরি সহায়তায় ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানে হালিশহর আবাসিক এলাকার ২৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলার একটি ভাড়া বাসায় প্রবেশের সময় সেটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে সাতটি ২৫৬ পোর্টের সিমবক্স, একটি ৫১২ পোর্টের সিমবক্স, তিনটি রাউটার, তিনটি পাওয়ার অ্যাডাপটার, দুটি মাইক্রোনেট সুইচ, একটি টিপি-লিংক সুইচ, একটি ডিজিটাল হোম ইউপিএস, একটি ব্যাটারি এবং অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি। এছাড়া গ্রামীণফোনের ২০টি ও টেলিটকের ২৩১টিসহ মোট ২৫১টি সিমকার্ড জব্দ করা হয়।

র‌্যাব জানায়, অভিযুক্ত জিয়াবুল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে সফটওয়্যারভিত্তিক টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে আন্তর্জাতিক কল রাউটিংয়ের মাধ্যমে ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।