শিরোনাম

কুষ্টিয়া, ২০ মে ২০২৬ (বাসস): জেলার সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত এসব ভারতীয় অবৈধ মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ৩৮ লাখ ৭ হাজার ৫৩৫ টাকা।
আজ বুধবার বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর, ঠোটারপাড়া, আশ্রায়ন, উদয়নগর, চল্লিশপাড়া ও শেওড়াতলা বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মাঠ, ফসলি জমি ও নির্জন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সামগ্রীর মধ্যে রয়েছে ৫৭ বোতল ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ, ১৫ বোতল মনোগোল্ড কফ সিরাপ, ৮ বোতল ভারতীয় মদ, ৬ হাজার ২৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৬ হাজার ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং একহাজার ১৭৭ প্যাকেট পাতার বিড়ি। এসব মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ৩৮ লাখ ৭ হাজার ৫৩৫ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।