বাসস
  ২০ মে ২০২৬, ২০:১১

মেহেরপুরে অনিয়মের দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেরপুর, ২০ মে ২০২৬ (বাসস): জেলার মুজিবনগর উপজেলায় আজ লাইসেন্স ব্যতীত গ্যাস সংরক্ষণ ও বিক্রির দায়ে মেসার্স আনারুল অটোমোবাইল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার দুপুরে মুজিবনগর উপজেলার যতারপুর বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।

সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানকালে অবৈধভাবে লাইসেন্স ব্যতীত গ্যাস সংরক্ষণ ও বিক্রির দায়ে মো. আনারুল ইসলামের মেসার্স আনারুল অটোমোবাইলকে ৩০ হাজার জরিমানা করা হয়।

অভিযানকালে কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।