শিরোনাম

জয়পুরহাট, ২০ মে, ২০২৬, (বাসস) : জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে হাসপাতালের নতুন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। সাকিব হোসেন জেলার পাঁচবিবি উপজেলার বুধইল গ্রামের সাইদূল ইসলামের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বাসসকে জানান, সাকিব হোসেন জেলার বিভিন্ন ভবনে রঙের কাজ করতেন। জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংস্কারাধীন নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করছিলেন তিনি।
এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েল বাসসকে বলেন, অষ্টম তলা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।