বাসস
  ২০ মে ২০২৬, ১৯:৫৪

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার

নওগাঁ, ২০ মে, ২০২৬ (বাসস) : জেলার রাণীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে দোকান ও গরু চুরির ঘটনায় ২ জন, ৪৫ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে ৩ জন রয়েছেন।

পুলিশ জানায়, অপরাধীদের ধরতে গতকাল মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় মেসার্স সাহাজুল ট্রেডার্সের পাইকারি দোকানে চুরির ঘটনায় উপজেলার কালীগ্রামের জামাল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম এবং গরু চুরির মামলায় হিসেবে পূর্ব বালুভরা গ্রামের খালেকের ছেলে এনামুল হককে গ্রেপ্তার করা হয়।

একই রাতে উপজেলার পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম ও ভবানীপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে জহুরুল ইসলামকে ৪৫ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

এছাড়া উপজেলার চকবলরাম গ্রামের আজাহার আলী ও তার স্ত্রী রহিমা বিবি এবং পশ্চিম বালুভরা গ্রামের দুলাল হোসেনের ছেলে লিটনকে আদালতের পরোয়ানামূলে গ্রেপ্ততার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বাসসকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ৭ জনকে আদালতে পাঠানো হয়েছে।