শিরোনাম

পিরোজপুর, ২০ মে, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত বিভিন্ন কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু সাঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরীর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানির সঞ্চালনায় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়।
বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলো গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনগণের মাঝে প্রচার ও জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।