শিরোনাম

পটুয়াখালী, ২০ মে, ২০২৬ (বাসস): জেলার গলাচিপায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লাখ পিস গলদা ও বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে গলাচিপার সাগরদী সড়ক এলাকা থেকে এসব রেণু পোনা জব্দ করা হয়।
জানা গেছে, জব্দ করা রেণু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। এসময় পোনা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৪-৪১০৯) এবং ৪০টি ড্রাম জব্দ করা হয়।
তবে অভিযানের সময় ট্রাকের চালক, হেলপার ও ৪-৫ জন শ্রমিক পালিয়ে গেছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইজাজুল হক জানান, উদ্ধার করা রেণুু পোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া জব্দকৃত ট্রাকটি উপজেলা মৎস্য দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।