শিরোনাম

বরিশাল, ২০ মে, ২০২৬ (বাসস) : বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) পানি সরবরাহ বিভাগের অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১ টার দিকে বরিশাল সিটি কপোরেশনের সভাকক্ষে এ অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিসিসি প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন।
বিসিসি প্রশাসক বলেন, বরিশাল সিটি কর্পোরেশন সবার ঘরে সেবা পৌঁছে দিতে কাজ করছে। বিসিসির প্রত্যেকটি বিভাগকে অনলাইনের আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে, ট্রেড লাইসেন্স, প্লানিং, জন্ম, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, হাট বাজারসহ সব কিছুই এখন অনলাইনে সেবা নিতে পারবেন গ্রাহকরা।
তিনি বলেন, আমরা বরিশাল সিটি কর্পোরেশনের ভবনটিকে নগরবাসীর ভবন বলতে চাই। নগরবাসীর সেবার জন্যই আমরা কাজ করছি। এখন থেকে ঘরে বসেই বরিশাল নগরবাসী তাদের বিল পরিশোধসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিসির নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।