শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ২০ মে, ২০২৬ (বাসস) : ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গত ৫মাসে ৩৯৭ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের তৎপরতায় ৪৬ কোটি টাকার সম্পদ রক্ষার তথ্য তুলে ধরেন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু,জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা এবং স্থানীয় সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জেলা সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনা প্রতিরোধে শুধু উদ্ধারকর্মীদের প্রস্তুত থাকলেই হবে না, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। নগরায়ণ ও অপরিকল্পিত স্থাপনা বৃদ্ধির কারণে ঝুঁকিও বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া। আগুন লাগার পর দ্রুত উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় সেখানে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সূত্র জানায়, বছরের শুরু থেকেই আগুন, সড়ক দুর্ঘটনা ও নানা দুর্যোগের ঝুঁকিতে পার করেছে কুমিল্লা। কোথাও বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ছে বসতঘর, কোথাও সড়কে ঝরছে প্রাণ। তবে প্রতিটি সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই কুমিল্লা জেলায় ৩৯৭টি অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালিয়ে প্রায় ৪৬ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র আরো জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত কুমিল্লা জেলায় ৩৯৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে ১২২টি সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের মোট ১৭০টি দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসব ঘটনায় ৪৭ জন নিহত হন এবং আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও ১৫৪ জনকে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে এ সময় প্রায় ১১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে প্রায় ৪৬ কোটি ২২ লাখ ৪৭ হাজার টাকার সম্পদ রক্ষা সম্ভব হয়েছে।