শিরোনাম

ময়মনসিংহ, ২০ মে, ২০২৬ (বাসস) : জেলায় অটোমেটেড ভূমিসেবা ও প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলায় অটোমেটেড ভূমিসেবা এখন সেবাপ্রার্থীদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। ভূমি সংক্রান্ত সেবামূলক ডিজিটাইজড ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় এনে দ্রুত ও সহজে নাগরিকের কাছে পৌঁছে দিতেই এ মেলার আয়োজন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর বাস্তবায়ন প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব সাইফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহানসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের মূল প্রবন্ধে বলা হয়-ভূমি সংক্রান্ত সেবামূলক ডিজিটাইজড ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় এনে দ্রুত ও সহজে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যই ভূমিসেবা মেলার আয়োজন। মেলায় ভূমি মালিকরা দ্রুত ও সহজেই সেবার সুযোগ পেয়েছেন। ই-নামজারি চালু করার মধ্য দিয়ে অসৎ লোকের দৌরাত্ম কমে গেছে। অনলাইন সেবায় ঘুষ বন্ধ হয়েছে। আগামী দিনে এমন সেবা চালু করা হবে, যাতে শুধু হও বললেই হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে জমির রেকর্ড হালনাগাদ হচ্ছে। এভাবে অনলাইন সেবায় নাগরিকদের ভোগান্তি দূর হয়েছে। এতে নাগরিকদের মাঝে স্বস্তি ফিরেছে। ভূমি অফিসে ফাঁকি দেয়ার প্রবণতা কমেছে। ভূমির ধরন পরিবর্তন ও দাপ্তরিক দুর্নীতিও বন্ধ হয়ে গেছে। ফলে নাগরিক ও দপ্তরের মোবাইলে যোগসূত্র হয়েছে।