বাসস
  ২০ মে ২০২৬, ১৩:৫৩

রংপুরে ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

ছবি : বাসস

রংপুর, ২০ মে, ২০২৬ (বাসস) : জেলার পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো ও জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ডিভাইস ও সিম কার্ড জব্দ করা হয়।

বুধবার সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ১২ নম্বর মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদরাসা মোড় সংলগ্ন একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দু’টি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন ও ২৬টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বাসস’কে বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর বিভিন্ন ধারায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আরও কয়েকজন পলাতক রয়েছে।