শিরোনাম

চট্টগ্রাম, ১৯ মে ২০২৬ (বাসস) : চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
কোস্ট গার্ড জানায়, উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ মজুত ও জ্বালানি পাচার ঠেকাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ভিআইপি রোড এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে একটি গোপন গুদাম থেকে প্রায় ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, দেড় হাজার লিটার অকটেন এবং এসব পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
এদিকে একই রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী সুইচ গেইট এলাকায় আরও একটি অভিযান চালায় কোস্ট গার্ড। সেখানে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রয়োজন হলে অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
জব্দকৃত জ্বালানি ও ভোজ্য তেল এবং ট্রাকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাকারবারি রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্টগার্ড কর্তৃপক্ষ জানায়।