বাসস
  ১৯ মে ২০২৬, ২১:৩৯

নরসিংদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি : বাসস

নরসিংদী, ১৯ মে, ২০২৬, (বাসস) : সদর উপজেলার রেলস্টেশন এলাকায় ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী।

অভিযানে ক্রেতা সেজে দুটি ফলের দোকান থেকে লিচু কেনা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ফোর্স ও গাড়ি কিছুটা দূরে অবস্থান করছিল। পরে কেনা লিচু গণনা করে প্রতিশ্রুত সংখ্যার চেয়ে কম পাওয়া গেলে দুই দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় উভয় দোকান মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদেরকে সংশ্লিষ্ট আইন ও ধারা সম্পর্কে সচেতন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী বলেন, ক্রেতা সেজে লিচু কিনতে গিয়ে অনিয়ম পেয়েছি। ২-৩টি বান্ডেল চেক করে কোনোটিতে ১০০ লিচু পাওয়া যায়নি। তাই আইন অনুযায়ী দুই ভ্রাম্যমাণ দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।