শিরোনাম

নাটোর, ১৯ মে ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে চারটি ইটভাটা বন্ধ ও মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছমিনা খাতুন।
অভিযানকালে নাটোর সদর উপজেলার পন্ডিতগ্রামে মেসার্স এন কে সি ব্রিকস, লেঙ্গুরিয়ার এম জি এম ব্রিকস ও কে এস এ ব্রিকস এবং লালমনিপুরের টিবিএম ব্রিকস এর মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় চারটি ইটভাটার উৎপাদন প্রক্রিয়া ধ্বংস সহ সেগুলো বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে এসব ইট ভাটা বন্ধ এবং জরিমানা করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।