শিরোনাম

বাগেরহাট, ১৯ মে, ২০২৬, (বাসস) : নবাগত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাদার বলেছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাদার। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান এবং গণমাধ্যমের সঙ্গে জেলা পুলিশের কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পুলিশ সুপার বলেন, বাগেরহাটে আমি এসেছি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো দল বা গোষ্ঠীর পরিচয়ে অপরাধীদের ছাড় দেয়া হবে না। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।