শিরোনাম

সাতক্ষীরা, ১৯ মে ২০২৬ (বাসস): জেলায় আজ ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মেলা উদ্বোধন করেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
র্যালি শেষে তিনি জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত ভূমি সেবা মেলার ১৬টি স্টল পরিদর্শন করেন। এসময় তিনি ভূমি উন্নয়ন কর প্রদানে সহযোগিতাসহ জনসাধারণকে সেবা দেয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন।
পরে জেলা প্রশাসক কাউসার আজিজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন।
এ সময় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম রহমাতুল্লাহ পলাশ, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত ও সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।