শিরোনাম

বান্দরবান, ১৯ মে ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পরিবার প্রতি নগদ ৫ হাজার টাকা, ৩০ কেজি চাল এবং এক বান্ডিল করে টেউটিন তুলে দেন।
জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু নেই। যার ক্ষতি হয়, সেই প্রকৃত কষ্ট অনুভব করতে পারে। তিনি ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদসহ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দাশ ও বুলবুল আক্তার সেতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত রোববার (১৭ মে) ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবান সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের প্রায় ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।