শিরোনাম

গাইবান্ধা, ১৯ মে ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার গাইবান্ধা-দরিয়াপুর সড়কের কুমারপাড়া এলাকায় আজ দুপুরে একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ইজি বাইকের সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, একটি পিকআপ ভ্যান গাইবান্ধা শহর থেকে দরিয়াপুরের দিকে যাচ্ছিল। পিকআপ ভ্যানটি কুমারপাড়া এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং আরও পাঁচজন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন, জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাতনাবাড়ি গ্রামের পাতা মিয়ার পুত্র অটোচালক ফরিদ মিয়া (৫০) এবং সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালারতারি গ্রামের মাসুদার রহমানের পুত্র রুস্তম আলী (৩০)।
এ ঘটনায় পিকআপ ভ্যানটির সামনের অংশ মুচড়ে যায় এবং অটোটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনানুগ প্রক্রিয়ার পর মরদেহগুলো তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।