শিরোনাম

কুষ্টিয়া, ১৯ মে ২০২৬ (বাসস): জেলায় সীমান্ত এলাকায় অভিযানকালে মাদকদ্রব্য সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ২১ লাখ ১৪ হাজার ৭৭৫ টাকা।
আজ মঙ্গলবার দুপুরে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে প্রাগপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৪৮/২-এস সংলগ্ন প্রাগপুর কবরস্থান ঘাট এলাকায় অভিযানকালে ৬৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। অন্যদিকে মঙ্গলবার ভোর ৫টার দিকে ধর্মদাহ বিওপির টহল দল ডিজিটি মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে চিলমারী বিওপির টহল দল সীমান্তবর্তী শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, দুইহাজার ৮১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার ১৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। জব্দকৃত এসব মালামালের মোট সিজার মূল্য আনুমানিক ২১ লাখ ১৪ হাজার ৭৭৫ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটেলিয়ানের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।