শিরোনাম

দিনাজপুর, ১৯ মে, ২০২৬, (বাসস): বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপস্থাপন করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।
ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য গাড়ি এবং বৃক্ষ রোপণসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রী গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন।
এছাড়া গত ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধনের মাধ্যমে এসব কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান নয়ন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসাইন এবং জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শোফা।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।