শিরোনাম

খুলনা, ১৯ মে, ২০২৬ (বাসস): জেলায় আজ ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ মঙ্গলবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত।
প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও ভূমিভবন থেকে সারাদেশে একযোগে ভূমিসেবা মেলা উদ্বোধন করেন। খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়।
এ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ৩৮ ব্যক্তির মাঝে ভূমি অধিগ্রহণের প্রায় ৩ কোটি টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে মেলা উপলক্ষে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তিন দিনব্যাপী ভূমিসেবা মেলায় তাৎক্ষণিকভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য (ষধহফ.মড়া.নফ) সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে কর পরিশোধে সহায়তা, ই-নামজারির আবেদন দাখিলে সহায়তা এবং নামজারি প্রক্রিয়া সম্পন্নকরণে সহায়তা করা হবে। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং অনলাইনে মৌজাম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ, ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা বিষয়ে অবহিত করা, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ চেক সরাসরি মেলা থেকে প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান করা হবে এবং একইসাথে জনসাধারণের পরামর্শ গ্রহণ করা হবে।