বাসস
  ১৯ মে ২০২৬, ১৬:৫৭

নাটোরে ভিজিএফ’র চাল পাচ্ছে একলাখ ২২ হাজার ৯৫৮টি পরিবার 

ছবি: বাসস

নাটোর, ১৯ মে ২০২৬ (বাসস): জেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোর পৌরসভাসহ জেলার একলাখ ২২ হাজার ৯৫৮টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে ভিজিএফ -এর চাল বিতরণ করা হচ্ছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভা এলাকায় বিতরণের জন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একহাজার ২২৯ দশমিক ৫৮০ টন চাল বরাদ্দ দিয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা জানান, জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন পর্যায়ে ৯২ হাজার ১১৪টি পরিবার এবং আটটি পৌরসভা পর্যায়ে ৩০ হাজার ৮৪৪টি পরিবার ভিজিএফ চাল পাবেন। প্রত্যেক উপকারভোগী পরিবার দশকেজি করে চাল পাবে।

এদিকে নাটোর পৌর এলাকায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ মঙ্গলবার বিকেল তিনটায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. আরিফ হোসেন।

সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী ২১ মে থেকে উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। ওয়ার্ডভিত্তিক বিতরণ কার্যক্রম চলবে ২৪ মে পর্যন্ত। এরআগে উপকারভোগীদের তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত করা হবে।