বাসস
  ১৯ মে ২০২৬, ১৬:৪২

বগুড়ায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

ছবি : বাসস

বগুড়া, ১৯ মে ২০২৬ (বাসস): নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

রেজাউল করিম বাদশা বলেন, ভূমি সেবা মেলা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। মূলত ভূমিসংক্রান্ত নানা জটিলতা নিরসন করে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। আমরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছি। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়া নির্বিঘ্নে ভূমি সেবা পায়, সংশ্লিষ্ট সবাইকে সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভূমি মালিকদেরও সচেতন হতে হবে এবং নিয়মিত জমির খাজনা সঠিকভাবে পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান মেলা আয়োজনের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। 

জেলা প্রশাসক বলেন, ভূমি সেবা এখন আর আগের মতো জটিল কিংবা সময়সাপেক্ষ বিষয় নয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা ভূমি সেবাকে জনগণের হাতের মুঠোয় এনে দিয়েছি। সাধারণ মানুষকে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন, কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবা সম্পর্কে ধারণা দিতেই এই মেলার আয়োজন। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ করিম, সদর ইউএনও ওয়াজেদ আলী, সদর এসিল্যান্ড পলাশ কুমারসহ জেলা প্রশাসন ও ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, মেলায় মোট ৬টি স্টল বসানো হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় স্টলগুলোতে সরাসরি ই-নামজারি, খতিয়ানের নকল সরবরাহ, ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত পরামর্শসহ ভূমি বিষয়ক বিভিন্ন সেবা ও তথ্য দেওয়া হচ্ছে। মেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।