বাসস
  ১৯ মে ২০২৬, ১৬:৫৪

ভূমি ব্যবস্থাপনা সহজীকরণে সুনামগঞ্জে সচেতনতামূলক সেমিনার

ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৯ মে, ২০২৬ (বাসস): জেলায় ‘জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি মেলা উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল।

ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, ভূমি ব্যবস্থাপনা কর্মপরিকল্পনা ও নাগরিকদের জন্য ভূমি সেবা সহজীকরণসহ বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন ভূমি সংক্রান্ত জটিলতা কমিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সেমিনারে শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।