শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৯ মে ২০২৬ (বাসস): জেলায় আজ নানা আয়োজনের মধ্যদিয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়।
পরে সম্মেলন কক্ষে ভূমি সেবা সংক্রান্ত ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দি চেঞ্জেস ডেভেলপমেন্ট এ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সেমিনারে ভূমি সংক্রান্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এ সময় তিনি ভূমি সংক্রান্ত নানান দিকনির্দেশনা ও সেবাগ্রহীতা পর্যায়ে নানান সুবিধার কথা তুলে ধরেন।
এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম সনি প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বেলা সাড়ে ১২ টার দিকে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন করা হয়। এ সময় ডিসি সাহিত্য মঞ্চে ভূমিসেবার ৫টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক। আগামী ২১ তারিখ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ ভূমিসেবা মেলা শেষ হবে।