শিরোনাম

কুষ্টিয়া, ১৯ মে ২০২৬ (বাসস): জেলার খোকসা উপজেলায় আজ ‘সারা দেশব্যাপী নদী-নালা-খাল, জলধারা খনন ও পুনঃখনন’ কর্মসূচির আওতায় শিমুলিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় আয়োজিত খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, খোকসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সাত কিলোমিটার দীর্ঘ শিমুলিয়ায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। খালটি পুনঃখনন করা হলে তা জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।