বাসস
  ১৯ মে ২০২৬, ১৬:২৮

প্রশাসনে দলীয়করণ চলবে না : খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন মঙ্গলবার নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : বাসস

নরসিংদী, ১৯ মে, ২০২৬, (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, প্রশাসন ও দলকে আলাদা অবস্থানে থেকেই কাজ করতে হবে।

তিনি বলেন, প্রশাসন তাদের নিয়ম অনুযায়ী কাজ করবে, আর দল দলের মতো স্বতন্ত্রতা বজায় রেখে কাজ করবে। দুটিকে গুলিয়ে ফেললে হবে না। দেশে শান্তি বজায় রাখতে আমরা প্রশাসনের সহযোগী হবো। 

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টে আমরা দেখেছি জনগণ কী করতে পারে। জনগণের সঙ্গে অন্যায় ও জুলুম করলে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর যদি আমাদের দলের কেউ এমন কাজে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের কোনো দল থাকতে পারে না।

আওয়ামী লীগের সমালোচনা করে খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে দলীয়করণ করে অপকর্মে লিপ্ত হয়েছিল। তবে আমরা প্রশাসনে সেই ধরনের দলীয়করণ করবো না। প্রশাসনের যেসব কর্মকর্তা অতীতে আওয়ামী লীগের সঙ্গে মিলে অপকর্মে জড়িয়েছিলেন, তারা যেন ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার গঠনই বিএনপির লক্ষ্য।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নদী বাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান মনির, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি ইলিয়াস ও ভিপি খবিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।