বাসস
  ১৯ মে ২০২৬, ১৬:১৩

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছবি : বাসস

ময়মনসিংহ, ১৯ মে ২০২৬ (বাসস) : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১৪ এর অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আলাল (৫৫) কে আজ ময়মনসিংহে গ্রেফতার করা হয়েছে। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পলাতক ছিলেন।

আজ ময়মনসিংহের র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. নয়মুল হক বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসামি মোহাম্মদ আলাল ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকার বাসিন্দা মৃত কিতাব আলীর পুত্র। গতকাল সোমবার (১৮ মে) দিবাগত রাতে ময়মনসিংহ নগরীর আকুয়া ওয়্যারলেস এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা এই আসামিকে গ্রেফতার করে ।   

অতিরিক্ত ডিআইজি মো. নয়মুল হক জানান, মো. আলাল কোতোয়ালি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। পুলিশের খাতায় তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে আসামিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মাদক প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসাবে র‌্যাব মাদকবিরোধী অভিযানে সরব রয়েছে।