বাসস
  ১৯ মে ২০২৬, ১৩:৩৪

দিনাজপুরে অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

মঙ্গলবার দিনাজপুর সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। ছবি : বাসস

দিনাজপুর, ১৯ মে, ২০২৬ (বাসস) : দিনাজপুর সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে আজ ২ হাজার ৩৭৬ বোতল নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উর-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর রাতে জেলার সদর উপজেলার মহনপুর বিওপি ক্যাম্পের বিজিবি টহল দল খেড়কাটি বাজারে অভিযান পরিচালনা করে। ওই বাজারে একটি পরিত্যক্ত স্টোরে তল্লাশি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৩৭৬ বোতল নেশা জাতীয় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

সূত্র জানায়, উদ্ধারকৃত যৌন উত্তেজক সিরাপ গুলোর মূল্য আনুমানিক ৩ লক্ষ ৫৬ হাজার ৪শ’ টাকা।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক জানান, চোরাচালান ও মাদক প্রতিরোধ অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার এবং আসামি আটকের কার্যক্রম বিজিবি সদস্যদের অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।