শিরোনাম

রাঙ্গামাটি, ১৮ মে ২০২৬ (বাসস): জেলার কাপ্তাই উপজেলায় আজ বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ‘হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ কর্মসূচি-২০২৬’ উপলক্ষে ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন হলদে পাখি স্কাউটের দীক্ষা গ্রহন শেষে তাদের মধ্যে সনদপত্র ও পোশাক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে স্কাউটদের দীক্ষা গ্রহন এবং সনদপত্র ও পোশাক বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস- এর চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার বীনাপ্রভা চাকমা।
কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ট্রেইনার ইসরাত জাহান শিল্পী, জুনিয়র ট্রেইনার শায়লা শাবরিন ঊষা, কাপ্তাই উপজেলা গার্লস গাইডের সভাপতি উমা সিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গার্ল গাইডস কার্যক্রম শিশুদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে সচেতনভাবে কাজ করতে হবে।
মতবিনিময় শেষে কাপ্তাই উপজেলার ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন হলদে পাখি স্কাউটের মধ্যে সনদপত্র ও পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং গার্লস গাইডস সদস্যরা উপস্থিত ছিলেন।