বাসস
  ১৮ মে ২০২৬, ২০:০১

ঝিনাইদহে বজ্রপাতে নিহত ১ 

ঝিনাইদহ, ১৮ মে ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে আসাদুল ইসলাম (৪৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন। 

আজ সোমবার বিকাল ৬টার দিকে সদর উপজেলার মায়াধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল ইসলাম ফরিদপুর জেলার কানাইপুরে ভাড়া বাসায় বসবাস করেন। ধান কাটা শ্রমিক হিসেবে তিনি ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন। তিনি কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৫ টার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় মাঠে ধান কাটা ও বাঁধার কাজ করছিলেন কৃষকরা। এসময় বজ্রপাতে দুইব্যক্তি আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক কৃষি শ্রমিক আসাদুল ইসলাম মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা তাহসিন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। 

বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।