শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৮ মে ২০২৬ (বাসস): জেলার দামুড়হুদা উপজেলায় আজ লাইসেন্স ছাড়া গ্যাস, মেয়াদোত্তীর্ণ বীজ ও শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দামুড়হুদার উপজেলার আটকবর ও কার্পাসডাঙ্গা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রির দায়ে মো. আব্দুর বারেকের মেসার্স মা অটোকে পাঁচহাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি করায় মো. বেল্টু মিয়ার প্রতিষ্ঠান মেসার্স তিসাম বীজ ও বস্তা ঘরকে ১৫ হাজার টাকা এবং উৎপাদনের তারিখ সহ প্রয়োজনীয় তথ্য না দিয়ে শিশু খাদ্য বিক্রির দায়ে মো. হারুন অর রশিদের প্রতিষ্ঠান মেসার্স হারুন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুইটি বস্তায় ভর্তি জুস বার জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ সময় জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।