বাসস
  ১৮ মে ২০২৬, ১০:১৮

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ছবি: বাসস

মাদারীপুর, ১৮ মে, ২০২৬, (বাসস): জেলা শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের ৮ মাস বয়সী শিশু সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈয়ের স্ত্রী মিষ্টি বাড়ৈ।

রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাস স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মিষ্টি বাড়ৈর বাসায় আসেন। পরে গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মিষ্টি বাড়ৈকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।