বাসস
  ১৭ মে ২০২৬, ২০:০০

টাঙ্গাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

টাঙ্গাইল, ১৭ মে ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ র্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু মোবাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান সম্পর্কে পরস্পর আপন ভাই এবং তারা সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে দুই ভাই মোবাসির হোসেন ও মোস্তাফিজুর রহমান নিখোঁজ ছিল। দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে তাদের দেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় মোবাসির হোসেন ও মোস্তাফিজুর রহমানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।