শিরোনাম

কুষ্টিয়া, ১৭ মে ২০২৬ (বাসস): জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানকালে ভারতীয় মাদক ও নেশাজাতীয় দ্রব্য এবং অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ রোববার দুপুরে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর মৃত আমিরুল মোল্লার ছেলে রকি হোসেন (২৫) ও একই উপজেলার চর প্রাগপুর এলাকার মৃত কেয়ামত আলীর ছেলে সামিরুজ্জামান হিটু (৪৯)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম দক্ষিণ ফিলিপনগরে বিশেষ অভিযানকালে ২৫ গ্রাম হেরোইনসহ মো. রকি হোসেনকে আটক করা হয়। এর আগে শনিবার দিবাগত রোববার রাত ২টা ৫০ মিনিটে শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং একহাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও শনিবার দিবাগত সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গোলাম মাওলার আমবাগান নামক স্থানে অভিযানকালে একশ’ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সামিরুজ্জামান হিটুকে আটক করা হয়। অন্যদিকে, রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, একহাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১১ প্যাকেট কীটনাশক এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক নয়লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক দ্রব্যসহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।