বাসস
  ১৭ মে ২০২৬, ১৯:৫৩

নওগাঁয় গ্রামীণ সড়ক বিষয়ক কর্মশালা

ছবি : বাসস

নওগাঁ, ১৭ মে ২০২৬ (বাসস): জেলার আত্রাই উপজেলায় আজ জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (আরসিআইপি)-এর আওতায় ‘গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডি’র নওগাঁ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা। 

কর্মশালায় গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন জিআইএস এক্সপার্ট এ.এস.এম. আলভি রহমান।

অনুষ্ঠানে আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই সড়ক যোগাযোগের কোনো বিকল্প নেই। আধুনিক জিআইএস প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো চিহ্নিত করে সেগুলোর অগ্রাধিকার নির্ধারণএবং মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে।