শিরোনাম

নওগাঁ, ১৭ মে, ২০২৬ (বাসস) : জেলার বদলগাছীতে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিকেলে উপজেলা খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।
চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ২২৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ৩০৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৬ টাকা দরে ১৫৬ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানূর রহমান।
এ সময় চালকল মালিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।