শিরোনাম

বরগুনা, ১৭ মে ২০২৬ (বাসস): জেলায় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুপুর দেড়টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই মেলার বিভিন্ন দিক তুলে ধরেন।
বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, রিপোটার্স ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ মে থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্যালয় চত্বরে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা শুরু হবে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে একটি ভূমি সেবা বুথ থাকবে।
জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, দেশের সার্বিক ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব, স্বচ্ছ ও সহজলভ্য করার লক্ষ্যে এবং প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ভূমি মেলা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।