শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ১৭ মে ২০২৬ (বাসস): ডিজিটাল ভূমিসেবা জনগণের কাছে পৌঁছে দেযার লক্ষ্যে জেলায় আগামি মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হবে।
আজ রোববার দুপুরে জেলা প্রসকের কার্যালয়ে আযোজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আসিফুল হক প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিকদের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ আয়োজন করা হয়েছে। আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন কুমিল্লা ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিস যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার জানান, আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত সেবাগ্রহীতারা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, ই-নামজারির আবেদন, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক গ্রহণ, খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত নানা জিজ্ঞাসার সরাসরি পরামর্শ ও সমাধানও দেওয়া হবে।
কৃমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ, ভূমি সংক্রান্ত তথ্য ও অভিযোগের হটলাইন ১৬১২২ ব্যবহার এবং ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে জনগণকে সচেতন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, বর্তমানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা সরবরাহ, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং এবং অনলাইন শুনানিসহ বিভিন্ন সেবা চালু রয়েছে। কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ভূমি অফিস ও ১৭২টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে এসব সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ মে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সময়ে দেশের সব উপজেলাতেও একযোগে ভূমিসেবা মেলার আয়োজন করা হবে।