বাসস
  ১৭ মে ২০২৬, ১৬:৩০

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

পঞ্চগড়, ১৭ মে, ২০২৬ (বাসস) : জেলার আটোয়ারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আপেল নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আটোয়ারী-রুহিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার কৃষক রাজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় আটোয়ারী-রুহিয়া সড়ক পার হচ্ছিল শিশু আপেল। এসময় একটি দ্রুতগতির মোটরসাইকেল আপেলকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে শিশুটি। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর স্বাস্থ্য পরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বাসস’কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘাতক মোটরসাইকেলটির শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।