শিরোনাম

রাঙামাটি, ১৭ মে, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে জেলায় এক প্রস্তুতিমূলক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফী সভায় সভাপতিত্ব করেন।
নাজমা আশরাফী বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট সুষ্ঠুভাবে সমন্বয় করতে হবে। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, জেলার বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশু নিয়ে বিক্রেতাদের যাতায়াত নির্বিঘœ করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। বাজারে জাল টাকা ব্যবহার রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
জেলা প্রশাসক রাঙামাটি শহরের নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করা এবং ঈদের দিন প্রতিটি এলাকা থেকে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার জন্য পৌর প্রশাসককে নির্দেশ দেন।
সভায় জানানো হয়, আসন্ন কোরবানির ঈদে রাঙামাটি পৌরসভার ৪৭ টি নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করা হবে। কোরবানি উপলক্ষে জেলার সড়ক ও মহাসড়কে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে।
সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল আলীম, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের খতিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।