বাসস
  ১৬ মে ২০২৬, ১৮:৫৯

কুড়িগ্রামে বজ্রপাতে নিহত ১ 

কুড়িগ্রাম, ১৬ মে, ২০২৬ (বাসস) : জেলার নাগেশ্বরী উপজেলায় আজ বজ্রপাতে রিয়াজুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান রিয়াজুল ইসলাম। দুপরে এলাকায় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা গুরুতর অবস্থায় রিয়াজুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই সময়ে বজ্রপাতে আরও দু’জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।