শিরোনাম

ঢাকা, ১৬ মে, ২০২৬ (বাসস) : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
আজ বিজিবি’র সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ সোনালীচেলা, বাংলাবাজার, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি’র টহলদল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় জিরা, চিনি, বিড়ি, কম্বল, মেডিসিন, মদ ও গরু জব্দ করতে সক্ষম হয়। একইসঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ চা-পাতা জব্দ করা হয়।
জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ১৮ লাখ ৩৯ হাজার ৫ শত টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।