শিরোনাম

চট্টগ্রাম, ১৬ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়া শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।
এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।
শনিবার বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারিন আক্তার (৩২) ও তার ২২ মাস বয়সী মেয়ে ইয়াসা।
তারিনের স্বামী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী ও শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারী এলাকার বিজয় স্মরণী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি মেলা থেকে বাড়ি ফিরছিলেন তারিন আক্তার। পথে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তার কোল থেকে হঠাৎ সড়কে পড়ে যায় শিশু ইয়াসা।
শিশুটিকে উদ্ধার করতে মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে পড়ে।
এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তারিন আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইয়াসার মৃত্যু হয়।
এসআই নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহত ও নিহতদের হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।