শিরোনাম

টাঙ্গাইল, ১৬ মে, ২০২৬ (বাসস) : জেলায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ এর ৫০তম দিবস আজ পালিত হয়েছে।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এম এম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে পদ্মাসহ দেশের বিভিন্ন নদীতে পানিপ্রবাহ কমে যাচ্ছে। এতে উত্তরাঞ্চলে মরুকরণ, কৃষিতে সংকট এবং পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে। তাই আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি।
ফারাক্কা বাঁধের কারণে দেশের উত্তরাঞ্চলের নদ-নদী, কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে নতুন প্রজন্মকে নদী ও পানির অধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির নায্য হিস্যার দাবিতে ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ‘নদী বাঁচাও দেশ বাঁচাও’ স্লোগানে ফারাক্কার উদ্দেশ্যে লংমার্চ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে ফারাক্কা বাঁধ অভিমুখে লাখো জনতার সেই লংমার্চ রওনা হয়েছিল।
লংমার্চ শেষে কানসাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য দেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই থেকে প্রতি বছরের মে মাসের ১৬ তারিখে ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন হয়ে আসছে।