বাসস
  ১৬ মে ২০২৬, ১১:২৮

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু 

পঞ্চগড়, ১৬ মে, ২০২৬ (বাসস) : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার স্বামী জাহিদুল ইসলাম (৩৮) ও তিন বছরের শিশু আব্দুর রহমান। 

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ-ডোমার মহাসড়কের ফার্মগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত বিথী আক্তার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের একতা মোড় এলাকার ব্যাটারিচালিত ভ্যান চালক জাহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর বয়সী সন্তান আব্দুর রহমানের কানের চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিতে জাহিদুল ইসলাম স্ত্রী বিথী আক্তারকে নিয়ে নিজের ব্যাটারিচালিত ভ্যানে করে নীলফামারী জেলার ডোমার উপজেলা বাজারে যান। পরে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হয়। এরইমাঝে তারা দেবীগঞ্জ উপজেলার ফার্মগেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের লাইটের আলোয় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণ কাজের জন্য মহাসড়কের উপর রাখা একটি বালুর ঢিবিতে ধাক্কা খায়। এতে ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়ে যান বিথী। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুঁটে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় স্বামী ও সন্তানকে দ্রত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা গুরুত্বর হওয়ায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন জরুরি বিভাগের চিকিৎসক।

এদিকে মারুফ এন্ড আবিদ পরিবহন নামে ঘাতক ট্রাকটি আটক করে স্থানীয়রা। এসময় চালক ও তার সহকারী পালিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।